আবাসন দখলমুক্ত করে মেদিনীপুর মেডিকেল কলেজ দূষণমুক্ত করার নির্দেশ জেলাশাসকের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: মেদিনীপুর মেডিকেল কলেজের কোয়ার্টার এবং কর্মী আবাসন দখলমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। সেইমতো আজ নান্নুর চক সংলগ্ন আবাসনে অভিযান চালিয়ে সতেরোটি কোয়ার্টার দখলমুক্ত করা হয়েছে। কয়েক বছর ধরে জোর করে অবসরপ্রাপ্ত কর্মী ও তাদের পরিজনেরা জবরদখল করে রেখেছিল কোয়ার্টারগুলি।এর ফলে নতুন স্টাফরা কোয়ার্টার পাচ্ছিলেন না। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এরজন্য কড়া পদক্ষেপ করে গত সপ্তাহে জবরদখল করে থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের নোর্টিশ ধরান। আজ কোনওরকম বিশৃঙ্খলা ও অশান্তি ছাড়াই অভিযান চালিয়ে কোয়ার্টারগুলি দখলমুক্ত করা হয়েছে বলে মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন।

মঙ্গলবার জেলাশাসক রেশমি কমল, হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন, অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু, অতিরিক্ত জেলাশাসক (জনস্বাস্থ্য) পিনাকী রঞ্জন প্রধান ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র জরুরি বৈঠক করেন। বৈঠকে জেলাশাসক দ্রুত আবাসন দখলমুক্ত করে  মেডিকেল কলেজ চত্বর জঞ্জাল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *