বালুরঘাটে কিশোরী গণ ধর্ষণ মামলায় ৫ অভিযুক্তকে ২০ বছরের সাজা দিল আদালত, ফুসলিয়ে নিয়ে যাওয়ার শাস্তি পেলেন এক মহিলাও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ এপ্রিল: কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় পাঁচ বছর পর শাস্তি পেলেন অভিযুক্তরা। এক মহিলা সহ পাঁচ জনকে ২০ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক দ্বিতীয় কোর্ট সুকন্যা রায় এই সাজা শুনিয়েছেন। বেশ কিছু ধারায় অভিযুক্তদের সোমবার দোষী সাব্যস্ত করেন বিচারক। দুটি মামলার একটিতে ২০ বছরের জল এবং ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছর জেল। এবং একটিতে ১৪ বছরের জেল হেফাজত নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের রায় শুনিয়েছেন বিচারক।

বালুরঘাট আদালত সূত্রের খবর, ২০১৬ সালের জানুয়ারি মাসে বালুরঘাটের খিদিরপুর তালতলা মোড় এলাকায় এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত ওই মহিলা আলো সরকারের বিরুদ্ধে। বাড়ি থেকে কিছুটা দূরে তাকে কিছু যুবকের হাতে তুলে দেয় ওই মহিলা। যার পরেই অভিযুক্ত শঙ্কর সরকার, রিন্টু দাস, সুরজিত মহন্ত, প্রসেঞ্জিত কুন্ডু মিলে গণধর্ষণ করে ওই কিশোরীকে। ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানার পুলিশ তাদের গ্রেপ্তারও করে। এই ঘটনায় আবেদন করেও জামিন পায়নি অভিযুক্তরা। সোমবার তাদের দোষী সাব্যস্ত করেন বালুরঘাট জেলা আদালতের বিচারক।

বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্ত্তী জানিয়েছেন, গণ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ২০ বছর এবং ১৪ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *