ফুল মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি শান্তিপুরের কাউন্সিলর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ এপ্রিল: হাতে আর মাত্র একদিন। রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই অন্তিম লগ্নে চূড়ান্ত প্রস্তুতি ছাত্রছাত্রীদের মধ্যে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক তার নিজের ওয়ার্ডে এইরকমই ৪৯ জনের বাড়িতে পৌঁছালেন কিছু শিক্ষা সামগ্রী এবং গোলাপ ফুল নিয়ে তাদের উৎসাহিত করতে। করালেন মিষ্টিমুখও‌।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিগত পাঁচ বছর ধরে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে আসছি। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিদ্যালয়গুলি বন্ধ থাকার ফলে এবারে ছাত্র-ছাত্রীদের মনের অবস্থা খুব ভালো নেই। তবে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার ফলে অনেকটাই বিপদমুক্ত তারা। তিনি বলেন, হোম সেন্টার করার ফলে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হয়েছে ছাত্রছাত্রীরা।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের প্রতি তার মানবিক মুখ সবসময় লক্ষ্য করা যায়। কাউন্সিলর বাড়িতে এসে শুভেচ্ছা জানানোর জন্য ছাত্র-ছাত্রীরাও খুশি হয়ে জানালেন, এটা আমাদের কাছে গর্বের সবসময় আমরা ওনাকে পাশে পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *