সাথী দাস, পুরুলিয়া, ২২ মার্চ: গ্রিন সিটির এক সময়ের তালিকায় থাকা পুরুলিয়া শহর এখন আবর্জনাময়। জঞ্জালের স্তূপ দেখা গিয়েছে পাড়ায় পাড়ায়। সব জেনেও জড়ভরত প্রশাসন। ফান্ড নেই তাই কর্মচারীদের মাইনে দেওয়া হয়নি, অজুহাত প্রশাসনের। তিন মাস ধরে ১৪০০- র বেশি অস্থায়ী কর্মী বকেয়া না পেয়ে কর্মবিরতি শুরু করেন। এর জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন পুর বোর্ড গঠনের আগে এই সমস্যা কাঁটা হয়ে উঠল শাসক তৃণমূলের কাছে।

দীর্ঘ তিন মাসের বেতন বকেয়া। চরম আর্থিক সংকটে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এর প্রতিবাদে সোমবার থেকে কর্মবীরতির ডাক দিয়ে আন্দোলনে সামিল হয়েছেন অস্থায়ী সাফাই কর্মীরা।
পুরুলিয়া পৌরসভায় মোট অস্থায়ী কর্মীর মধ্যে সাফাইয়ের কাজ করেন প্রায় ১২০০ কর্মী। অভিযোগ, গত তিন মাস ধরে এই অস্থায়ীরা কর্মীরা বেতন পাননি। নির্বাচনের কারণে স্থায়ী বোর্ড না থাকায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে, আর্থিক দূরাবস্থার কারণে সংসার চালানো দায় হয়েছে তাঁদের। বার বার পৌরসভায় জানিয়েও হয়নি সুরাহা, তাই বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটলেন তাঁরা। আর পুরুলিয়া শহরের ২৩ টি ওয়ার্ডের জন্য নিয়োজিত ১২০০ কর্মীর কর্মবিরতির জেরে শহরে জমছে আবর্জনার স্তূপ।

যদিও খবর পেয়ে, এই বিষয়ে বিদায়ী প্রশাসক তথা ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নবেন্দু মাহালী আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তবে বকেয়া বেতনের দাবিতে অনড় কর্মীরা।
নবেন্দু বাবু বলেন, এই অস্থায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ফান্ড নেই। তাই অন্য খাতে তাঁদের বেতন বোর্ড ব্যবস্থা করে আসছে, কিন্তু বর্তমানে নতুন বোর্ড গঠন না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। যদিও সমস্যা সমাধানের জন্য মহকুমাশাসকের সঙ্গে কথা বলার আশ্বাস তার।
যদিও উঠছে প্রশ্ন, কবে বকায় বেতন মিলবে? কবে সমস্যার সমাধান হবে? উত্তর অধরা।

