জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মে: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে দেখে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভদ্রতা শেখা উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের বাড়িতে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী এসেছেন এটাই সুখের কথা। এই করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ওপর বোঝা না চাপিয়ে আমরা নিজেদের অর্থে পরিস্থিতি সামলে নেব। অন্যদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতেও কুড়ি হাজার কোটি টাকার ফিরিস্তি দিয়েছেন তার শুধু টাকা আর টাকা চাই।”
রবিবার বিজেপি রাজ্য সভাপতি শালবনি এলাকায় গিয়ে ভোট পরবর্তী হিংসায় অত্যাচারিত বিজেপি কর্মী সমর্থকদের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দেখেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শালবনির কর্ণগড় সহ বেশকিছু এলাকায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করার এবং তাদের বাড়ি ভাঙ্গচুর ও বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রবিবার সেই সমস্ত বিজেপি কর্মীদের ক্ষতিগ্রস্থ বাড়ি ঘুরে দেখেন এবং দলীয় কর্মীদের কাছ থেকে তৃণমূলের এক মাস ধরে চালানো অত্যাচারের অভিযোগ শোনেন।

