অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ মে:
এক সৌজন্য বোধের সাক্ষী থাকল ঝাড়গ্রাম। কিছুদিন আগেই ভোটের ফল ঘোষণা হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদার সঙ্গে টান টান ভোটের লড়াই ছিল বিজেপি প্রার্থী সুখময় সৎপতির। নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা নিজেদের হাতেই রাখতে সক্ষম হয় তৃণমূল।
বিজেপি নেতা সুখময় সৎপতির মা অসুস্থ হয়েছেন। সেই খবর জানতে পারেন ঝাড়গ্রামে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। খবর পাওয়া মাত্রই ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শিবেন্দ্র বিজয় মল্ল দেবকে সঙ্গে নিয়ে সোজা হাজির হন সুখময়বাবুর বাড়িতে। সেখানে তাঁর অসুস্থ মায়ের সাথে দেখা করেন তিনি। তারপর যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে আসেন। রাজনৈতিক লড়াই যতই কঠিন হোক না কেন তিনি যে এখন সকলের বিধায়ক তার প্রমান দিলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা।

