আমাদের ভারত, ২৫ মার্চ:বীরভূমের রামপুরহাটের বগটুই কান্ডের তদন্ত ভার সিবিআই হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। আদলতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের সিট আর কোনো তদন্ত করতে পারবে না। হাইকোর্টের নজরদারিতে এই কাণ্ডের তদন্ত করবে সিবিআই।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব সিবিআই বগটুই গ্রামে যাক। প্রাথমিক তদন্তের পর আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি। তবে তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে হাইকোর্টে নজরদারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই তদন্ত চালাবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় যেহেতু রাজ্যের শাসকদলের লোকজনই জড়িত তাই রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে দাবি করে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তাই আজ নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানিয়েছেন, গত সোমবার একটি ঘরে ৮ জনকে পুড়িয়ে মারার যে ঘটনা ঘটেছে তাতে জনমানষে মারাত্মক প্রভাব পড়েছে। পুলিশ, আইন, আদালত, প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তি দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
গত বুধবারই রামপুরহাট কাণ্ডে কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার নমুনা সংগ্রহের কাজ করবে তারা। মূলত কিভাবে আগুন লাগানো হয়েছিল, আর আগুন লাগানোর আগে কোনো অত্যাচার হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখবে ফরেনসিক বিভাগের আধিকারিকরা। একই সঙ্গে বগটুই গ্রামকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তের স্বার্থে হওয়া সমস্ত কর্মকান্ড ক্যামেরা বন্দি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

