জয় লাহা, দুর্গাপুর, ১৪ জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে উঠল যাত্রীবোঝাই বাস। তবে, বড়সড় দুর্ঘটনা না হলেও আহত হয়েছে কমবেশী ৩০ জন যাত্রী। বৃহঃস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটিসেন্টার শহিদ ক্ষুদিরাম সরণিতে।
জানা গিয়েছে, ওই বেসরকারি বাসটি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আসানসোল যাচ্ছিল। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সিটিসেন্টার বাসস্ট্যান্ডে ঢোকার মুখে শহিদ ক্ষুদিরাম সরণিতে চার্চের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাসটির। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কার্লভাটের গার্ডওয়ালে উঠে যায়। অল্পের জন্য কার্লভাটের পাশে প্রায় ২০ ফুট গর্তে নর্দমায় পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বাসযাত্রীরা। তবে কমবেশী সকলে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও পথচলতি লোকজন এসে আহত যাত্রীদের বাসের জানলা দিয়ে উদ্ধার করে।

আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের ট্রাফিক এসিপি ( থ্রি) তুহিন চৌধুরী বলেন, ১৪ জন বাস যাত্রী’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালক ও খালাসি পলাতক। বাসটি আটক হয়েছে।”

