স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ এপ্রিল: অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, রবিবার বেলা ১১ টা নাগাদ শান্তিপুরের গবার চর গঙ্গার ঘাটে এক বৃদ্ধার মৃতদেহ ভেসে উঠতে দেখে স্নান করতে আসা সাধারণ মানুষ। এর পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ সময়ের চেষ্টায় গঙ্গার ঘাট থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

যদিও মৃতদেহটির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মৃতদেহটির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। তবে ওই গঙ্গার ঘাটে কিভাবে মৃতদেহটি ভেসে এল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

