সদ‍্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল‍্য চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে

আমাদের ভারত, মালদা, ১ ডিসেম্বর: সদ‍্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল‍্য ছড়ালো মালদহের চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরে পাশে। কে বা কারা ওই দপ্তরের পাশে মৃত সদ‍্যোজাত শিশুটিকে ফেলে যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনেরা। যদিও পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেছেন ওই হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচোল থানার পুলিশ।

জানা যায়, এদিন দুপুরে মালদহের চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরের পাশে একটি সেফটি ট‍্যাঙ্কের উপর মৃত সদ‍্যোজাতটি পড়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে যান এবং ওই শিশুটির দেহ প্লাস্টিকে মুড়ে সেখানেই রেখে চলে যান। দেহটি হলুদ প্লাস্টিকে মোড়া ছিল। পরে সদ‍্যোজাতের দেহটি পুলিশ উদ্ধার করে।

এই ঘটনা নিয়ে নিন্দার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়রা।

এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো। রয়েছে নিরাপত্তা রক্ষীও। এরপরেও এই ধরনের ঘটনা কেন ঘটল?এনিয়ে প্রশ্ন তুলছেন চাঁচোলের বাসিন্দারা।সরাসরি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন শহরের বাসিন্দারা।

যদিও এই প্রসঙ্গে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেন হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। তিনি বলেন, এটি হাসপাতালের ঘটনা নয়।কে বা কারা বাইরে থেকে মৃত সদ‍্যোজাত শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। আমরা পুরো বিষয়টি চাঁচোল থানায় জানিয়েছি। ঘটনাটির আমরা তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *