গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ আগস্ট: পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অতীন্দ্র ভৌমিক। বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহর কুন্ডু মান্না পাড়া এলাকায়। মৃত ব্যক্তির বাড়ি ডহর কুন্ডুর ভৌমিক পাড়ায়।
পরিবার সূত্রে জানাগেছে, রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিন অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে ডগরকুন্ডুর মান্দা পাড়া এলাকায় একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠে। এরপর স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে খবর দেয় আরামবাগ থানার পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে এসে ওই ব্যক্তির মৃতদেহটিকে পুকুর থেকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

