বঙ্গ বিজেপিতে বুথ কমিটি চালাবার সংগঠক নেই যেটা আছে সেটা জল মেশানো: অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মে: “বঙ্গ বিজেপিতে বুথ কমিটি চালাবার সংগঠক নেই যেটা আছে সেটা জল মেশানো”, দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনায় বসার আগেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং।

বেশ কিছু দিন ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং’য়ের তৃণমূলে ফিরে যাওয়া প্রসঙ্গে জল্পনা চলছে। তবে বার বার অর্জুন সিং সেই কথা সঠিক নয় বলে এড়িয়ে গেছেন। বার বার দিল্লি উড়ে গেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করতে।
আগামীকালও জেপি নাড্ডার সঙ্গে আলোচনার আগেই আজ আবার বেসুরো শোনালো সাংসদ অর্জুন সিং’কে।

এদিন তিনি তাঁর বাসভবনে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন যে, রাজ্য বিজেপির ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। বিজেপিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অনেকেই কাজের না। বাংলার রাজনীতির সঙ্গে অন্য রাজ্যের রাজ নীতি গুলিয়ে ফেললে চলবে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে এই রাজ্যে ক্ষমতায় আসা যাবে না বিজেপির। এদিন তিনি আক্ষেপের সুরে বলেন, “এখানে বুথ স্তরে সংগঠন চালানোর মত নেতৃত্ব নেই বিজেপির। যারা আছে তারা জল মেশানো। তবে সেটা আমি কেনো বলছি তা প্রকাশ্যে বলবো না। সংগঠক আছে তাদের বলবো। এখানে শুধু সোশ্যাল মিডিয়াতে রাজনীতি আর সংগঠন করে বিজেপি। সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড়ো নেতা হতে চায়। হোয়াটস অ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলায় রাজনীতি করতে হলে গোঁড়ায় নেবে রাজনীতি করতে হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *