স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল: স্থানীয় সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সিকে প্রকাশ্যে শ্রদ্ধা নিবেদন। রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেন। কংগ্রেস প্রার্থী প্রিয়রঞ্জন দাসমুন্সিকে “ব্রাত্য” করে রাখলেও কৃষ্ণবাবু এদিন সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা জানালেন।
জেলা কংগ্রেসের কাছে নির্বাচনের অন্যতম হাতিয়ার প্রাক্তন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি। গত ৩১ মার্চ রায়গঞ্জ শহরে মনোনয়ন পত্র জমা দেবার মিছিলে সেই প্রিয়রঞ্জন দাসমুন্সিকেই কার্যত “ব্রাত্য” করে রাখা হয়েছে। রায়গঞ্জ শহরের দেবীনগর থেকে সংযুক্ত মোর্চার মনোনয়ন পত্র জমা দেবার মিছিল শুর হয়। মিছিল শেষ হয় শহরের শিলিগুড়ি মোড়ে। সেখানেই প্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্নাবয়ব মূর্তি বছর দুয়েক আগে স্থানীয় পুরসভার পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। অথচ রায়গঞ্জের প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতার প্রতিকৃতির দিকে তাকিয়েও দেখেননি তাঁর স্ত্রী দীপা দাসমুন্সী ও রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। অথচ উত্তর দিনাজপুর জেলার প্রতিটি নির্বাচনেই প্রিয়রঞ্জন দাসমুন্সির সহানুভূতি আর ক্যারিশমাকে কাজে লাগিয়ে ভোট পার করেছে কংগ্রেসের প্রার্থীরা। মঙ্গলবার রায়গঞ্জ শহরে প্রচারে বেড়িয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন।

রায়গঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির আমলেই তাঁর চেষ্টায় রায়গঞ্জে এইমস বরাদ্দ হয়েছিল। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সত্যিকারের চেষ্টা করেছিলেন। এরকম মানুষকে তো প্রণাম জানাতেই হয়।

