আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ এপ্রিল: নৈহাটি থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া কালিতলায় সোমবার সন্ধ্যায় পাড়ারই এক ব্যক্তির কাছে ধর্ষিতা হয় এক নাবালিকা। যদিও ঘটনার কয়েক ঘন্টা বাদেই ক্ষিপ্ত জনতা অভিযুক্ত তাপস কুন্ডু ওরফে বরোকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাপস কুন্ডুর বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে। আইনি সহায়তা-সহ দরকারে তারা নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। নির্যাতিতার বাড়ি থেকে বিজেপির প্রতিনিধি দল নৈহাটি থানায় যায়। সেখানে তারা থানার অধিকারিদের সঙ্গে ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলেন। তারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি করলেন।

অপর দিকে এদিন বিকেলে বাম প্রতিনিধি দল যান নির্যাতিতার বাড়িতে। সেই দলে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলার সভানেত্রী সোমা দাস, সম্পাদিকা আত্রেয়ী গুহ, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলার এসএফআই’য়ের সম্পাদক আকাশ কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তারা নির্যাতিতার পরিবারকে চাপের কাছে মাথানত না করার পরামর্শ দিলেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বাম নেতৃত্বের হুঁশিয়ারি, অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে তারা রাস্তায় নেমে আন্দোলনে সামিল হবেন।

