ছবি: গোপা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি।
সুশান্ত ঘোষ, বাগদা, ২৪ এপ্রিল: পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছড়িয়ে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। এমনই অভিযোগের চিঠি পাঠানো হল তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব কাছে।
স্থানীয় সূত্রের খবর, বাগদার হরিহরপুরের বাসিন্দা আজমিরা মন্ডল। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, ১৭ ই এপ্রিল রাতে তার বাড়িতে বাগদা থানার পুলিশ হানা দিয়ে তার স্বামী আতিয়ার মন্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পর দিন সকালে স্থানীয় নাসির বিশ্বাস নামে এক তৃণমূল নেতার কাছে অভিযুক্তেরর স্ত্রী আজমিরা মন্ডল ও তার ছেলে গেলে, নাসির বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে যান। গোপা রায় দেড়লক্ষ টাকা নিয়ে আসার জন্য বলেন। না নিয়ে এলে স্বামীকে গাঁজা কেস দেবে বলে জানায় নাসির। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ধার করে ১ লক্ষ টাকা গোপা রায়ের এর হাতে দেয়। তা সত্বেও তার স্বামী আতিয়ার মন্ডলকে ডাকাতির মামলায় ফাঁসিয়ে বনগাঁ আদালতে পাঠায় পুলিশ।
নাসির বিশ্বাস বাগদা পঞ্চায়েত সমিতি সভাপতি গোপা রায়ের অনুগামী বলে দাবি করেছেন অভিযোগকারী। অভিযোগে উল্লেখ করেছেন তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাবান। তাই নির্দোষ স্বামীর মুক্তি ও নগদ অর্থ যাতে ফেরৎ পেতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
রবিবার সকালে অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী ও জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ জানাল পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির গোপা রায়।
আতিয়ার মণ্ডলের ছেলে জসীম উদ্দিন মন্ডলের অভিযোগ, সে এবং তার মা এবং নাসির বিশ্বাস তৃণমূল পার্টি অফিসে গিয়ে গোপা রায়কে নগদ টাকা দিয়েছিলেন। টাকা ফেরত চাইতে গেলে হুমকি দিয়ে নাসির বলছে, পারলে আদায় করে নিস। যদিও গোপা রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি কিছু জানেন না। বাগদাতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই অভিযোগ বলে দাবি করেন তিনি। পুলিশ তদন্ত করে দেখুক যদি টাকা নিয়ে থাকি তাহলে দল যে সাজা দেবে তা মাথা পেতে নেব।
এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে, আমি সেটা সঠিক কিনা তদন্ত করতে সঠিক দপ্তরের কাছে পাঠিয়েছি।
বিজেপি নেতা দেবদাস মণ্ডল কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার তোলাবাজির সরকার, সাধারণ মানুষকে ধমকে চমকে তোলাবাজি করছে।

