বদল আসতে পারে ভারতীয় নোটের চেহারায়! গান্ধীজি ছাড়াও থাকতে পারে রবীন্দ্রনাথ ও আব্দুল কালামের ছবি

আমাদের ভারত, ৫ জুন: বদল আসতে পারে ভারতীয় নোটের চেহারায়। এবার আর শুধু মহাত্মা গান্ধী নয়, ভারতের টাকায় দেখা যেতে পারে রবীন্দ্রনাথ কিংবা এপিজে আব্দুল কালামের ছবিও। এমনই চিন্তাভাবনা করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গান্ধীজির পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের ছবি দেওয়া দুটি করে নোটের স্যাম্পেল দিল্লি আইআইটি অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্কে এবং সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছেও এই নমুনা পাঠিয়েছে। ওই অধ্যাপককেই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই নমুনা তার সঠিক মনে হলে সবুজ সংকেতের জন্য পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের কাছে।

উল্লেখ্য, জালনোটের রমরমা রুখতে ২০২০ সালে আরও কিছু নতুন ফিচার যোগ করার দায়িত্ব পেয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের আভ্যন্তরীণ কমিটি। নোটের নিরাপত্তা বাড়াতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে কমিটি নতুন নোটে গান্ধীজির পাশাপাশি আরও বিশিষ্ট ভারতীয়র ছবি ছাপানোর সুপারিশ দিয়েছিল। নোটে কোনো মনীষী কিংবা কোনো মহাদেশের ছবি ছাপা হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। এবার শোনা যাচ্ছে এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের নাম বেছে নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক শেষমেশ নতুন নোট ছাপায় সম্মতি দেয় কিনা এখন সেটাই দেখার। তেমনটা হলে কোন নোটে তা ছাপা হবে সে প্রশ্নও থাকবে।

ভারতীয় টাকায় শুধুমাত্র জাতীর জনকের ছবি থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রাক্তন রাষ্ট্রপতি যেমন আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, থমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন এবং আলেকজান্ডার হ্যামিল্টনের ছবিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *