ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের অফিসে হাজিরা বীরভূমের একাধিক তৃণমূল নেতার

জয় লাহা, দুর্গাপুর, ৫ জুন: ভোট পরবর্তী হিংসার ঘটনার জের। আবারও দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিলেন বীরভূম জেলার একাধিক তৃণমূলের দাপুটে নেতা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের জেরার মুখে বীরভূম, বর্ধমান ও বাঁকুড়া জেলার একাধিক তৃণমূল বিধায়ক, নেতা। দুর্গাপুর এনআইটি কলেজে সিবিআইয়ের অস্থায়ী দফতর। সেখানে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওইসব দুঁদে নেতা বিধায়কদের। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার বোলপুর লোকসভার একাধিক তৃণমূল নেতা, বিধায়ক সহ আউশগ্রাম ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতিকে তলব করে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে।

বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহা, সিউড়ি পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত সহ বিধায়ক নীলাবতী সাহার স্বামী দেবাশীষ সাহা সহ মোট ছ’জনকে তলব করেছিল সিবিআই। শনিবার ফের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একাধিক তৃণমূল বিধায়ক ও নেতাকে তলব করে সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলায় গত শনিবার দুর্গাপুরে এনআইটি কলেজে তলব করা হয় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ।

সিবিআইয়ের জেরা থেকে রেয়াত পায়নি তারাপীঠ মন্দিরের সেবাইত অচিন্ত ভট্টাচার্য। জানা গেছে, এদের অনেকে ২০২১ সালে ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর অনুব্রত মন্ডলকে ফোন করেছিলেন।

ফলাফল ঘোষণার দিনেই ইলামবাজারে গোপালনগরে খুন হয়েছিল বিজেপি কর্মী গৌরব সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই মামলার তদন্ত শুরু করেছে।

রবিবার দুর্গাপুর এনআইটি কলেজে সিবিআইয়ের অস্থায়ী অফিসে হাজিরা দিলেন বোলপুর লোকসভার অধীনে আউশগ্রাম -১ নং তৃনমূলের ব্লকের গুসকরা ২ নং অঞ্চলের সভাপতি তাপস চ্যাটার্জি। এছাড়াও অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান। তিনি বলেন,” অনুব্রত মন্ডলের ফোনের কললিস্টে আমার নম্বর পাওয়ায় তলব করা হয়েছিল। আউশগ্রাম-১ ব্লকের গুসকরা -২ নং অঞ্চলের তৃণমূলের সভাপতি তাপস চ্যাটার্জি বলেন, “কাউন্টিং এজেন্ট ছিলাম। অনুব্রত মন্ডল বোলপুর লোকসভার দলের অবসারভার। তাই ফোন করতে হত। কোনরকম হিংসার ঘটনায় জড়িত নই। আমার ফোন নম্বর অনুব্রতর মোবাইলে কললিস্ট পাওয়াতে আমাকে ফোন করে ডাকা হয়েছিল।”  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *