সাথী দাস, পুরুলিয়া, ৬ নভেম্বর: পরম্পরা ও রীতি মেনে পুরুলিয়ার ওতিহ্যবাহী গরু খুঁটা আয়োজিত হয়ে গেল। এক ফসলি জমিতে আমন ধানের চারা রোপনের পর মনোরঞ্জন ও বিনোদনের পুরনো রীতি আজও জিইয়ে রেখেছেন পুরুলিয়াবাসী। সেই মতো এবারেও বিভিন্ন এলাকায় ঘটা করে গরু ও কাড়া খুঁটা আয়োজিত হয়। পুরুলিয়ার বিভিন্ন গ্রামে কালীপুজোর অমাবস্যার পর দ্বিতীয়ার দিন এই প্রাচীন বিনোদনের আয়োজন হয়ে থাকে। গ্রামের রাস্তার উপর এবং মাঠে মোটা মোটা খুঁটি পুঁতে তাতে শক্তিশালী গরু বা মহিষকে বেঁধে ধামসা মাদল সহযোগে একটি মৃত মহিষের চামড়া দিয়ে তাকে বিরক্ত করা হয়৷ গরু বা মহিষটি ওই চামড়াটিকে শিং দিয়ে খোঁচা মারে৷ এটাকে গরু খুঁটা বা কাড়া খুঁটা হিসাবে মানা হয়৷

আয়োজকদের কথায়, ধান রোপন শেষ হওয়ার পর গরু বা মহিষকে খুব যত্ন করে খাওয়ানো হয় যাতে পরবর্তী কালে মাঠের ফসল বয়ে নিয়ে আসতে পারে৷ কিন্তু ফসল তোলার পূর্বে কিছু মহিষের অতিরিক্ত শক্তি পরীক্ষা করার জন্য এই গরু বা কাড়া খুঁটার রীতি বলে ধারণা তাঁদের৷

পুরুলিয়ার বহু মানুষের আবেগ জড়ানো এই রীতিকে আইনিভাবে রোধের প্রচেষ্টা দেখা
যায়নি।
অবশ্য ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির রাজ্য সহ সভাপতি মধুসূদন মাহাতো বলেন, “এটা অবলা জীবের উপর নির্যাতন। এটা বন্ধ হওয়া দরকার।”

