টেট না কার্ফু! ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে ক্ষোভ বিজেপির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ ডিসেম্বর: টেট না কার্ফু? ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে সাধারণ মানুষকে বিপাকে ফেলার বিরুদ্ধে গর্জে উঠলো বিজেপি। রবিবার বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। তাঁর কথায় যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন ইন্টারনেট বন্ধ থাকে, ঠিক তেমনি এদিন টেট পরীক্ষা নিয়ে ইন্টারনেট পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ রেখে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে প্রশাসন।

উল্লেখ্য, একের পর এক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার। তার মাঝে প্রাথমিকের টেট পরীক্ষায় সরকারের স্বচ্ছ ভাব মূর্তি তুলে ধরতে এদিন একাধিক প্রয়াস নিতে দেখা গেছে। যার মধ্যে অন্যতম হিসাবে রাজ্য জুড়ে ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করে করা হয় টেট পরীক্ষায়। সরকারের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রশ্নপত্র ফাঁস রুখতে জনসাধারণকে বিপাকে ফেলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নেট বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। আর যার জেরে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানিয়েছেন, সচরাচর পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার দূরত্বে নেট বন্ধ থাকে। তবে এক্ষেত্রে জেলা জুড়ে নেট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাঁর কথায় দুর্নীতি উপর স্তর থেকে বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *