বর্ষবরণে ভয়াবহ সংক্রমণ, ৩ জানুয়ারি থেকে ফের আংশিক লকডাউনের সম্ভাবনা রাজ্যে

রাজেন রায়, কলকাতা, ১ জানুয়ারি: বছরের পর বছর কেটে যায় কিন্তু কাটে না দুর্দিন। প্রত্যেক বছর সংক্রমনের আতঙ্ক হারিয়ে যখন একটু নিশ্বাস নেয়ার চেষ্টা করেন রাজ্য, দেশ তথা বিশ্ববাসী, ফের সংক্রমণের আতঙ্ক নিয়ে ফিরে আসে করোনা। এবার করোনার নতুন ভেরিয়্যান্টের বাড়বাড়ন্ত দেখে ফের আংশিক লকডাউনের পথে হাঁটার সম্ভাবনা রাজ্যের। জারি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ। আগামী ৩ জানুয়ারি থেকে এই বিধিনিষেধ আরোপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।

শনিবারই করোনা বাড়ায় আপাতত সব মামলা ভার্চুয়ালি হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শুধু কলকাতা হাইকোর্ট নয়, রাজ্যের সমস্ত জেলার আদালতের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ রয়েছে তাও আপাতত বন্ধ থাকছে। ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ ঘোষণা করেছে রাজ্যে সরকার। তারই অঙ্গ হিসেবে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

শুধু ‘স্টুডেন্টস উইক’-এর অনুষ্ঠানই বাতিল নয়। রবিবার থেকে দুয়ারে সরকারের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল রাজ্য সরকারের। গোটা রাজ্যে এবার ৮০০০০টি শিবির হওয়ার কথা ছিল। রাজ্য সরকার আপাতত দুয়ারে সরকার কর্মসূচিও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই দুয়ারে সরকার থেকে ২৪টি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল রাজ্যবাসীর। কিন্তু যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তা এই মুহূর্তে এই ধরনের শিবির শুধু মারাত্মক নয় প্রাণঘাতীও হয়ে উঠতে পারে বলেই মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *