অশোকনগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী, এলাকায় উত্তেজনা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ এপ্রিল: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার মানিকতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিতোষ শিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাস্তা পারাপার করার সময় একটি বেপরোয়া ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। পরিতোষবাবু ছিটকে পড়ে রাস্তার উপরে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে আসে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। এখনও পর্যন্ত ধরা যায়নি গাড়ি ও চালককে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অশোকনগর এলাকায় যশোর রোডের উপরে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। প্রশাসনের কোনো হেলদোল নেই।

এ বিষয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভগবত হালদার বলেন, পৌরসভার কাছে একাধিকবার জানানো হয়েছে এবং লিখিত চিঠিও করা হয়েছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র দুর্ঘটনা বলে কথা নয়, রাস্তার পাশে রয়েছে একাধিক গাছ। যেগুলো প্রায় মৃত। গাছের মোটা ডাল যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *