সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণির ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলেরই অপর ছাত্রদের হামলায় উত্তেজনা সোদপুরে, গ্রেপ্তার ৪

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ নভেম্বর: সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণির ছাত্রের উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতিদের হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল পানিহাটির দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, পানিহাটির অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা নবম শ্রেণির কিংশুক ঘোষ নামে ছাত্রটি স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বেড়িয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই ওই স্কুলের অন্য কিছু ছাত্র বন্দুক নিয়ে তাকে ধাওয়া করে এবং বন্দুকের বাঁট দিয়ে কিংশুকের ওপর হমলা করে। বন্দুকের বাঁটের ঘায়ে জখম হয় ওই নবম শ্রেণির ছাত্র। সে কোনও রকমে ওই দুষ্কৃতী ছাত্রদের হাত থেকে বাঁচিয়ে স্কুলের ভিতর ঢুকে পড়ে এবং সেই সঙ্গে চিৎকার করতে থাকে। ছাত্রের মরণপণ বাঁচার চিৎকারে ছুটে আসে এলাকার বাসিন্দারা। আগ্নেয়াস্ত্র সমেত তারা হাতেনাতে চার
দুষ্কৃতিকে ধরে ফেলে। সেই সময় বাকি দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরবার জন্য তল্লাশি চালাচ্ছে। স্কুল ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম হামলার ঘটনায় পানিহাটি দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

সূত্রের খবর অনুযায়ী যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল তারাও স্কুল ছাত্র এবং কোনও প্রণয় ঘটিত কারণে এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই স্কুলছাত্রদের কাছে কি করে আগ্নেয়াস্ত্র এল সে বিষয়ে সেই চার জন ছাত্রকে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় আক্রান্ত ছাত্রটি এত আতঙ্কিত হয়ে গেছে যে সে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে
চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *