স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ইসলামপুর শহরের এক বেসরকারি নার্সিং হোমে। নার্সিং হোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। মৃত রোগীর নাম অজয় রায় (৩৯)। বাড়ি ইসলামপুর থানার আশ্রমপাড়া এলাকায়।

পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পেটের ব্যথা নিয়ে ইসলামপুর চৌরঙ্গী মোড়ে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় অজয় রায় নামে ওই ব্যক্তি। বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন অজয়বাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি শিলিগুড়িতে স্থানান্তর করে দেয় নার্সিং হোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই অজয়বাবুর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। তারপরেও তাকে শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মৃত্যুর সংবাদ পেতেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। শিলিগুড়ি থেকে মৃতদেহ নিয়ে এসে বেসরকারি নার্সিং হোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুর করে রোগীর আত্মীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। যদিও বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।


