শান্তিপুরে শনি মন্দিরের গেটে মাংস ঝোলানোয় উত্তেজনা, ১২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৫ মে:
শান্তিপুরে শনি মন্দিরের গেটে মাংস ঝোলানোয় এলাকায় উত্তেজনা। হরিপুর অঞ্চলের নৃরসিংহপুর বেলতলা এলাকার স্থানীয় এক শনি মন্দিরের ঘটনা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রানাঘাট এসডিপিও’র আশ্বাস ১২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে কে বা কারা হরিপুর অঞ্চলের নৃরসিংহপুর বেলতলা এলাকায় স্থানীয় শনি মন্দিরের গেটে মাংস ঝুলিয়ে দিয়ে চলে যায়। আজ সকালে পথচলতি মানুষ তা দেখে ক্ষোভে ফেটে পড়ে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা এলাকায় মাইকিং এবং পথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন শান্তিপুর থানার ওসি। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় তর্কবিতর্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট পুলিশ সুপার, রানাঘাট এসডিপিও সহ প্রশাসনের অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের তরফ থেকে ঘটনার নিন্দা করা হয়।

রানাঘাট এসডিপিও জানান, আমি এই ঘটনার তীব্র ভাবে নিন্দা করছি। পাশাপাশি আমি কথা দিচ্ছি ১২ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করব। আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছেন তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মতন আন্দোলন করুন আমরা আমাদের কাজ করছি।
দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *