জয় লাহা, দুর্গাপুর, ১৯ সেপ্টম্বর: সামনে পরীক্ষা। আর তাই মেবাইলে অনলাইন গেম খেলতে বারণ করেছিল মা। সেই অভিমানে আত্মহত্যা করল কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নতুনপল্লী এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম রাশ রাউৎ। দুর্গাপুরে এক বেসরকারী ইংরাজিমাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন নতুনপল্লী এলাকায় বাসিন্দা। বাবা পেশায় ট্রাক চালক। অভাবের সংসারে কষ্ট করে ছেলেকে বেসরকারি স্কুলে ভর্তি করেছিল। ঘটনায় জানা গেছে, সামনে পরীক্ষা। তার আগে ছেলের অনলাইন মোবাইলে গেম খেলায় আপত্তি করত পরিবারের লোকজন। শনিবার একইরকমভাবে তার মা ছেলেকে মোবাইল রেখে বই পড়ার জন্য বলে। আর তারপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই কিশোর। দীর্ঘক্ষণ পর ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা ভাঙে পরিবারের লোকজন। দরজা ভাঙতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

