জয় লাহা, দুর্গাপুর, ১৯ সেপ্টম্বর: জুয়ার আসর বসানোর প্রতিবাদের মাশুল। উল্টে খোদ বাড়ির মালিককে ধারাল অস্ত্র নিয়ে তাড়া করার অভিযোগ উঠল জুয়াড়িদের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে সাধারন মানুষের নিরাপত্তা নিয়ে। ঘটনাটি ঘটেছে, কাঁকসা দু’নম্বর কলোনিতে।
আক্রান্ত ওই বাড়ির মালিক সমর মল্লিক। পেশায় বেসরকারী সংস্থার কর্মী। কাঁকসা-২ নং কলোনীতে তাঁর একটি পুরোনো ফাঁকা বাড়ি রয়েছে। ওই বাড়িতে বর্তমানে থাকেন না। অভিযোগ, ওই ফাঁকা বাড়ির বারান্দায় প্রায়দিনই কিছু সমাজবিরোধীদের আখড়া বসে। তার সঙ্গে জুয়ার আসর বসে বলে অভিযোগ। শনিবার তিনি ওই জুয়ার আসরের প্রতিবাদ করতে যান।
সমর মল্লিক বলেন, “২ নম্বর কলোনির প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাদের একটি পুরোনো বাড়ি রয়েছে। ওই বাড়িতে প্রায় ২০ বছর ধরে আমরা থাকি না। বর্তমানে ওই গ্রামের অন্য একটি বাড়িতে থাকি। ওই বাড়িটি খালি রয়েছে। পাশের ঘরে আমার ভাই একাই থাকে। ওখানে বেশকিছু সমাজ বিরোধী জুয়ার আসর বসাচ্ছে অভিযোগ পাই। গত শুক্রবার ঘটনাস্থলে গিয়ে হতবাক হয়ে যাই। তাদের অন্যত্র যেতে বলি। ওইদিন তারা ঘর ছেড়ে চলে যায়।
শনিবার সকলে গিয়ে দেখি ফের একইরকম জুয়ার আসর। তাদের উঠে যেতে বলতেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কুড়ল নিয়ে তাড়া করে। প্রাণ নাশের হুমকি দেয়। প্রাণ বাঁচাতে কোনওভাবে পালিয়ে পুলিশের দ্বারস্থ হই। কয়েকজন’কে শনাক্ত করে তাদের নাম সহ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি।” তিনি আরও বলেন,” আমার বাড়ির সামনে স্কুল রয়েছে। এই রকম ঘটনা স্কুলের বাচ্চাদের নজরে পড়লে তাদের মনে কুপ্রভাব পড়বে।”
ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম বলেন, “আমার কাছে এরকম কোনও জুয়া খেলার অভিযোগ আসেনি। প্রাথমিক স্কুলের সামনে এই ধরনের ঘটনা নিন্দাজনক। অভিযোগ পেয়ে পুলিশ ওই জুয়ার আসরে অভিযান চালায়। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে।” পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ছোট্টু মিস্ত্রী ও বিশ্বনাথ দত্ত। জুয়ার আসার বসানোর অভিযোগে অপর এক অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

