অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৭ জুন:
পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি সংবাদপত্রে প্রকাশিত একটি ছবি সামাজিক মাধ্যমে পেশ করেছেন। তাতে শিল্পপতি গৌতম আদানি মাথা নত করে নমস্কার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তথাগতবাবু সঙ্গে লিখেছেন, “শুধু এই ছবি দেখে উচ্ছ্বাসে ভেসে যাওয়া ঠিক হবে না। যদি আদানিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করাতে হয় (চপ-তেলেভাজা স্কেলের উপরে) তাহলে ক্রমাগত ‘আদানি-আম্বানি’ কটুবাক্য ও সিন্ডিকেট-রাজ বন্ধ করতে হবে, শিল্পপতিকে কর্মী নিয়োগের ব্যাপারে পুরো স্বাধীনতা দিতে হবে। পারবেন মমতা?”
পোস্ট করার পর দু ঘন্টায়, মঙ্গলবার পৌনে ১২টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২৫৫, ৬২ ও ১৪। রঘুনাথ দাস লিখেছেন, “এরও অবস্থা টাটার মতো হবে সিন্ডিকেট তুলতে গেলে দলটাই থাকবে না।” প্রতিশ্রুতি দেবনাথ লিখেছেন, “আদানী গ্রুপ ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইউপি’তে যা ৩০ হাজার কর্ম সংস্থান সুনিশ্চিত করবে। বিজনেজ সামিটে এলেই যে বিনিয়োগ হয়ে যায় না – এটা মাননীয়ার এবার মাথায় ঢুকলে হয়।”
দেবদূত পানিগ্রাহী লিখেছেন, “আদানি তো বাহিরাগত। তারপর উনার পোষ্য গর্গ তো খেপে যাবে। বাহিরাগত গুজরাটি বলে তাড়িয়ে নিয়ে যাবে। তাহলে শিল্প হবে কি করে?“ কাঞ্চন কান্তি সেন লিখেছেন, “তথাগত দা, ছবি কথা বলে। এখানে এই ছবিতে আদানি হাত জোড় করে মাথা নিচু করে বলছে- ক্ষমা করবেন দিদি, আমার দ্বারা সম্ভব নয়।”
অন্যদিকে, কেশব চ্যাটার্জি লিখেছেন, “দাদু হিন্দমোটরের খবরটা জানেন নিশ্চয়ই।” রাজা ভট্টাচার্য লিখেছেন, “মোদীর পকোড়া শিল্পের বিষয়ে কিছু বলুন একটু।“

