রায়গঞ্জে এলপিজি গ্যাসের ট্যাঙ্কার উলটে বিপত্তি

স্বরূপ দত্ত,আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ মে: এলপিজি গ্যাসের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উলটে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রূপাহার এলাকায়। এলপিজি গ্যাসের ট্যাঙ্কারটি আচমকাই উলটে যাওয়ায় এদিন ব্যাপক হয়রানির শিকার হন এলাকার বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রূপাহার ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় পর দীর্ঘ সময় পর্যন্ত ব্যাপক আতঙ্কে ভুগতে থাকেন এলাকার সাধারণ মানুষ।

ট্যাঙ্কারের চালক ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, ইটাহার থেকে রায়গঞ্জ অভিমুখের এই এলপিজি বোঝাই ট্রাঙ্কারটি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি টোটো জাতীয় সড়কের ওপর আচমকাই ব্রেক কষে দেওয়ায় এই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি নয়ানজুলিতে উলটে যায়। বিকট আওয়াজ পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়। এমনকি ঘটনাস্থলে যায় ওই এলপিজি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। তারা বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ঘটনায় সৌভাগ্যের বিষয় হল, ওই ট্যাঙ্কারে কোনোরকম লিকেজ হয়নি। তবুও আগাম সর্তকতা হিসেবে আশেপাশে ২০ থেকে ৩০ মিটারের মধ্যে আগুন জ্বালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় বাসিন্দারা বলেন, এর আগেও এই এলাকায় একটি ট্যাঙ্কার উলটে গিয়ে বিপত্তি হয়েছিল। এবারও আশেপাশের বহু বাড়ির লোকেরা দুপুরে রান্নাবান্না করতে পারেননি। তাছাড়াও তীব্র আতঙ্কে সময় কাটছে তাদের। বাড়িতে বয়স্ক ও বাচ্চাদের জন্য রান্না পর্যন্ত করতে পারেননি বাড়ির মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *