আমাদের ভারত, ৭ জানুয়ারি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে দেশকে লজ্জার মুখে পড়তে হতে পারে। শুক্রবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা।
সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। আর সেটা ভারতের জন্য আন্তর্জাতিক মহলের লজ্জার কারণ হতে পারে। সম্পূর্ণ ঘটনার জন্য পাঞ্জাব পুলিশ ও পাঞ্জাব সরকারের উপর দায় চাপিয়েছেন তিনি। তুষার মেহতা বলেন,”এই ঘটনার জন্য পাঞ্জাব সরকার ও পাঞ্জাব পুলিশ দু’পক্ষই দায়ী। এর ফলে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদের সম্ভাবনাও তৈরি হতে পারত। এটা হওয়া উচিত ছিল না। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে দেশকে।”
এর জাবাবে পাঞ্জাব সরকার জানিয়েছে, তারাও এই ঘটনার তদন্ত চায়। তার জন্য যা যা করা দরকার তারা করবে। পাঞ্জাব সরকারও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার প্রধানমন্ত্রী সফর সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষণ করবেন। তাকে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করবে পাঞ্জাব পুলিশ, এসপিজি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা।
প্রধান বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বে ডিভিশন বেঞ্চে এদিন জানিয়ে দিয়েছে, এই ঘটনার তদন্তে পাঞ্জাব সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পৃথক তদন্তকারী দল আগামী সোমবার পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আদালত আরও জানিয়েছে, আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গড়ে দেওয়া কমিটিতে এনআইএর কোনও আধিকারিককেও যুক্ত করা হতে পারে।

