“উনি নাটক খুব ভালো করতে পারেন তার জন্য এবার নাট্য পুরস্কার পাবেন”, ব্যারাকপুরের কর্মিসভায় মমতাকে আক্রমণ সুকান্ত’র

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জুন: মোদী সরকারের আট বছর এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কর্মীদের সভা অনুষ্ঠিত হল ব্যারাকপুরে। সাংসদ অর্জুন সিং বিজেপি ত্যাগ করে তৃণমূলে যেতেই ব্যারাকপুরের বিজেপিতে একটা ভাঙ্গন আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল। সেটা থেকে দলকে বাঁচাতে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিশেষ নজরে রয়েছে এই ব্যারাকপুর। তাই আগামী দিনের কর্মসূচি, আগামীতে জেলার সংগঠনকে মজবুত করতে এই বিশেষ কর্মশালার আয়োজন বলে জানা যাচ্ছে। এতে ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপির অবস্থা অনেকটা ভালো হবে বলেই মত নেতৃত্বের।

এদিন ব্যারাকপুরে সাংগঠনিক সভায় এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জমি ছাড়া যাবে না বলে রেলের জমিতে বসবাসকারীদের জন্য কোমর বেঁধে মাঠে নামতে বলেছেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, “কামারকুন্ডু ওভারব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। সেখানে তিনি বলেছেন, এখানে ফ্রেট করিডোর হবে। উন্নয়ন হবে, হাওয়াতে তো আর ফ্রেট করিডোর হয় না, জমির প্রয়োজন হয়। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন দিক। আমরা তাদের বাড়ির ব্যবস্থা করে দেব। তাহলে এই সমস্যার সমাধান হতে পারে।”

এদিন সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল দল ও মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে বিজেপি রাজ্যে বিভাজনের রাজনীতি করে। কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গকে কিছু দেয়নি, এই পরিপেক্ষিতে সুকান্তবাবু এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে ও কথার মধ্যে দ্বিচারিতা ছাড়া কিছু নেই। জিটিএ কারা তৈরি করেছিল? বিজেপি করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ তৈরী করেছেন। রাজবংশী মতুয়াদের মধ্যে বিভিন্ন বোর্ড তৈরি করে বিভাজনের রাজনীতি উনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগ নিয়ে খেলা করেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি উত্তরবঙ্গের দিকে তাকায়নি, সেই ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ৯০০ কোটি টাকা খরচ করে শিলিগুড়ি করিডোর তৈরী করবে। কেন্দ্রীয় সরকার চাইছিল উত্তরবঙ্গে একটা এইমস হাসপাতাল হোক। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ করার কাজ কেন্দ্র শুরু করবে। উত্তরবঙ্গে গিয়ে মানুষের ভাবাবেগকে নিয়ে খেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নাটক খুব ভালো করতে পারেন তার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছেন। এবার নাটকের জন্য পুরস্কার পাবেন।” এদিনের এই সভায় সুকান্ত মজুমদার ছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্যান বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *