আমাদের ভারত, ২৬ অক্টোবর: ‘এনসিসির ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার’। ‘টাকা না পেয়ে চূড়ান্ত সমস্যায় এনসিসি’। এনসিসিকে চিঠি লিখে সমস্যার কথা জানালেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এডিজি।

এ ব্যাপারে বুধবার ওই চিঠি যুক্ত করে টুইটারে তোপ দাগলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। তাঁর সরকার এনসিসি ক্যাডেটদের তাদের সার্টিফিকেট পরীক্ষার জন্য অর্থ মঞ্জুর করতে অস্বীকার করেছে। তাঁর তুষ্টির জন্য কোনো তহবিলের অভাব নেই। কিন্তু তিনি যুবকদের জন্য কোনও উদ্বেগ দেখান না।
প্রসঙ্গত এনসিসি-র ডিজি প্রতিরক্ষা মন্ত্রকে জানিয়েছেন, “মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে টাকা চেয়ে দরবার করা হয়েছে। তারপরেও সুরাহা হয়নি। টাকার অভাবে ক্যাম্পের আয়োজন করতে পারছে না এনসিসি। ক্যাম্প না হওয়ায় সমস্যায় পড়ছেন ক্যাডেটরা। ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিসি-র পশ্চিমবঙ্গ শাখার জনসংযোগ আধিকারিক মেজর ব্রিজভূষণ সিং জানিয়েছেন, রাজ্যে ক্যাম্প করার জন্য বছরে তহবিলের ৭৫ শতাংশ দেয় কেন্দ্র বাকি ২৫ শতাংশ দেয় রাজ্য সরকার। কিন্তু দীর্ঘ দিন ধরে মিলছে না রাজ্যের প্রদেয় অর্থের সম্পূর্ণ অংশ। ওই আধিকারিক বলেন,’ক্যাম্প করার জন্য রাজ্যের বছরে ৫ কোটি টাকা দেওয়ার কথা। কিন্তু সেই জায়গায় মাত্র ৮০ লক্ষ টাকা মিলেছে। ফলে, একাধিক জায়গায় এখনও ক্যাম্পের আয়োজন করা যায়নি। এর জন্য ৪০ হাজারেরও বেশি এনসিসি ক্যাডেট ক্যাম্প করতে পারবেন না।’

