স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: লরি ও মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পাওয়ার হাউস মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম জয় মন্ডল (৩৫)। আটক করা হয়েছে চালক সহ ঘাতক লরিটিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের নেতাজী শান্তি ক্লাব সংলগ্ন তুলসীতলার বাসিন্দা জয় মন্ডল সোহারই মোড়ে হোম ব্রেডের কারখানায় কাজ করেন। দুপুরের খাবার খেতে আসার জন্য মোটরবাইক নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় একটি দশ চাকা লরির সাথে সংঘর্ষ হলে লরির চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয় মন্ডলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

