আমাদের ভারত, ৩ ডিসেম্বর: একটা সময় শিল্পপতি গৌতম আদানিকে তুলোধোনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অথচ বৃহস্পতিবার সেই আদানির সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকেই কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এপ্রসঙ্গে “গাধা জল ঘোলা করেই খায়” বাংলার একটি প্রবাদ মনে করিয়ে দিয়েছেন সকলকে।
শুক্রবার একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যের বিজেপি সাংসদরা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বিজেপি রাজ্য সভাপতিকে আদানি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে জানতে চাওয়া হয়। তার উত্তরে সুকান্ত মজুমদার বাংলা প্রবাদের উল্লেখ করেন। তিনি বিলেন, গাধা জল ঘোলা করে খায়। অর্থাৎ এক সময় যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আদানির তুলোধোনা করতেন, গুজরাটে আদানি আম্বানির সরকার চলছে বলে সরব হতেন এমনকি আদানির বিরুদ্ধে দুর্নীতি নিয়েও সরব হয়েছেন। আজ সেই তৃণমূলের সুপ্রিমো আদানিকে নিজের চেয়ার ছেড়ে দিচ্ছেন, তাঁর সঙ্গে বৈঠক করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার আদানির সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত উচ্ছ্বসিত গৌতম আদানি। বাংলায় বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়াও এপ্রিলে মুখ্যমন্ত্রী আয়োজিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশ নিতে তিনি উন্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছেন আদানি। সূত্রের খবর রাজ্যে বন্দর শিল্পে বিনিয়োগ করতে পারে আদানি গ্রুপ।
কিন্তু কিছু দিন আগেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আদানির বিরুদ্ধে সরাসরি বেনামী সম্পত্তি ও প্রতারণার অভিযোগ তুলেছিলেন। মহুয়ার করা এমনি একাধিক টুইটের কথা মনে করিয়ে দিয়ে মমতা আদানির সাক্ষাৎ নিয়ে সরব হয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিমও।

