আমাদের ভারত, ৩ ডিসেম্বর: রাজ্যে একাধিক পর্যায়ে চাকরিক্ষেত্রে বেনিয়ম নিয়োগের অভিযোগ নিযয়ে সিবিআই তদন্তের কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানালেন রাজ্যের বিজেপি সাংসদরা। এছাড়াও রাজ্যের কর্মসংস্থান জড়িত একাংধিক সমস্যা ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা প্রধানমন্ত্রীর কাছে।
শুক্রবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ঘরে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজ্যে চাকরি ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠেছে। এই বিষয়ে যে মামলা চলছে তাতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বঙ্গ বিজেপির সাংসদরা বলে জানান সুকান্ত মজুমদার।
তিনি বলেন, “স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে বেনিয়মের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। গ্রুপ সি’তেও দুর্নীতি ধরা পড়েছে। আমার বিশ্বাস রাজ্যে আরও যে সব চাকরির ক্ষেত্রে নিয়োগ হয়েছে সমস্ত জায়গাতেই দুর্নীতি হয়েছে।” তার অভিযোগ, “সব জায়গা থেকেই আমরা তথ্য পেয়েছি তৃণমূল কংগ্রেস বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষিত যুবকদের অবহেলা করে তাদের চাকরি না দিয়ে অযোগ্য ব্যক্তিদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে।”
আগামী দিনে ১০০ দিনের কাজ নিয়েও বঙ্গ বিজেপি আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে। ভিন্ন রাজনৈতিক দল করার কারণে ১০০ দিনের কাজ পাওয়া থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। বিজেপি করলে বা সিপিএম করলে কাজ দেওয়া হয়নি। তিনি বলেন, তৃণমূল ছাড়া অন্য কোনও দল করলে তাদের ১০০ দিনের কাজ দেওয়া হচ্ছে না। এই বিষয়টিও প্রধানমন্ত্রীকে তাঁরা জানিয়েছেন।
এছাড়াও রাজ্যের পাট শিল্প এবং চা শিল্পকে চূড়ান্ত অবহেলা করছে বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বিজেপি সাংসদরা। সুকান্তবাবু বলেন, এই দুই শিল্পের সঙ্গে রাজ্যের বিরাট অংশের মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। অথচ তার অভিযোগ রাজ্য সরকার এই দুই শিল্পকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই দুটি শিল্প যদি নষ্ট হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা সীমাহীন হয়ে দাঁড়াবে।
একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে এইমস তৈরি করার দাবি তারা আবারও জানিয়েছেন বলেও জানান সুকান্তবাবু।

