কোন পদ্ধতিতে কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী বাছাই? জানালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৬ নভেম্বর:কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি পর আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বৃহস্পতিবারই এই বিষয়টিতে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলার এখনো কোনো সুরাহা হয়নি। কিন্তু তা সত্বেও ভোটের প্রস্তুতিতে একচুলও পিছিয়ে থাকছেন না পদ্মশিবির। সূত্রের খবর ২৮ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল একটি কমিটি গঠন করেছে তবে শেষ সিদ্ধান্ত নেবে দলের রাজ্য নেতৃত্ব।

কলকাতা পুরভোটে বিজেপি প্রার্থী বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ইতিমধ্যেই আমরা পুরভোটের জন্য কমিটি গঠন করেছি। ভোটে দাঁড়াতে ইচ্ছুকদের সমস্ত আবেদন কমিটির সদস্যরা খতিয়ে দেখছে। সেই রিপোর্ট এবং দলের মধ্যে থেকে যাদের প্রার্থী করা হবে সে বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ ভাবে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। দলের রাজ্য নেতৃত্বের কাছে সেই রিপোর্ট এলে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

কলকাতা পুরসভার জন্য বিজেপি তৈরি কমিটির মাথায় রয়েছেন দুই অত্যন্ত পরিচিত মুখ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং রুদ্রনীল ঘোষ। অন্য আরেকটি কমিটির দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা তুষার ঘোষ।

সুকান্ত মজুমদার জানিয়েছেন, নবীন ও অভিজ্ঞ প্রার্থীদের জায়গা করে দেবেন তারা। প্রার্থী তালিকায় ভারসাম্য রেখে শক্তিশালী প্রার্থী তালিকা তৈরি করা হবে।কলকাতা পুরভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলার মতামতকে সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে পদ্ম শিবির। লড়াই করেই জয় ছিনিয়ে আনতে পারার ক্ষমতা রাখে এরকম যোগ্য প্রার্থীকেই তালিকায় রাখতে চাইছেন তারা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই।

শোনা যাচ্ছে, কলকাতা পুরসভা ভোটের ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যে ৫০০র বেশি আবেদন জমা পড়েছে দলের কমিটির কাছে। সেই আবেদনের নতুন মুখের পাশাপাশি রয়েছে পুরনো সদস্যরাও। কলকাতার পাশাপাশি হাওড়ার ৫০টি ওয়ার্ডের প্রার্থী হতে চেয়ে ২০০-র বেশি আবেদনপত্র জমা পড়েছে। এছাড়া রাজ্য সদর দপ্তরেও ১০০র বেশি বায়োডাটা জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *