করোনা আক্রান্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, ভর্তি হাসপাতালে

আমাদের ভারত, ৯ জানুয়ারি:বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করোনা আক্রান্ত। রবিবার তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাপিড অ্যান্টিজেন টেস্টে তার পজিটিভি রিপোর্ট আসে। তারপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত স্থিতিশীল রয়েছে সুকান্ত মজুমদার। সম্ভবত এই নিয়ে দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন সুকান্ত বাবু।

রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ সুকান্ত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির হালকা জ্বর, সর্দি সমস্যা রয়েছে। এখন অক্সিজেন স্যাচুরেশন রয়েছে স্থিতিশীল। হাসপাতালের তরফে জানানো হয়েছে রাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে একটি আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। নমুনা পাঠানো হয়েছে আরটিপিসিআর টেস্টের জন্য।

গত তিন-চার দিন ধরে বাড়ি থেকে বের হননি সুকান্ত মজুমদার। শনিবার ভার্চুয়াল মাধ্যমে বিজেপি কয়েকটি বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। শনিবার করোনার উপসর্গ দেখা দেওয়ায় তার টেস্ট হয়। রবিবার রিপোর্ট পজিটিভ আসে। জানা গেছে ঘরে তার অক্সিজেনের মাত্রা কমতে দেখেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েকদিনে রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর পারিষদ ইতিমধ্যেই করোনা আক্রান্ত। রাজ্যের একাধিক মন্ত্রীও করোনা আক্রান্ত। দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়েছিলেন। অরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত। তৃতীয়বারের জন্য করোনা পজিটিভ হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় লাফ দিয়েছে সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৮ হাজার রবিবার তা বেড়ে ২৪ হাজার পার করে ফেলেছে। বেড়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় রাজ্যে পজিটিভিটি ৩৩.৮৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *