পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ আগস্ট: ইডি, সিবিআই নিয়ে তৃণমূলের আন্দোলনকে চোর বাঁচানোর আন্দোলন বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। একই সাথে মুখ্যমন্ত্রীর শাড়ি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি বিজেপির রাজ্য সভাপতি।
শনিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠকে ইডি, সিবিআই নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস এখন চোর বাঁচাও আন্দোলনে নেমেছে। আগাগোড়া চুরির পাপে কালো হয়ে গেছে তারা। মাননীয়া মুখ্যমন্ত্রীর সাদা শাড়ি এই মুহুর্তে কয়লা, পাথর এবং গরু পাচারের কালো কালিতে লিপ্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।
উল্লেখ্য একের পর এক তৃণমূল নেতাদের ইডি, সিবিআই গ্রেপ্তারের প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে তৃণমূল। এদিন সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

