মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অবিলম্বে চাকরি দেওয়ার দাবি এসইউসিআই (সি)-র

আমাদের ভারত, ২৩ জুলাই: আন্দোলনরত মেধা তালিকাভুক্ত চাকুরি প্রার্থীদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করার দাবি তুলল এসইউসিআই (সি)।

প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেফতার প্রসঙ্গে অভিযোগকারী দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শনিবার এক বিবৃতিতে বলেন, “অবৈধভাবে শিক্ষক নিয়োগের প্রশ্নে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীকে গ্রেফতারের ঘটনা খুবই চাঞ্চল্যকর। এটা সুনির্দিষ্টভাবে প্রমাণ করছে যে, শিক্ষক নিয়োগের প্রশ্নে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা আইন সঙ্গত বিচারের ভিত্তিতে প্রকৃত দোষীদের শাস্তি চাই।

আমাদের দাবি, মেধাতালিকাভুক্ত চাকুরি প্রার্থীরা যাঁরা প্রায় ৫০০ দিন ধরে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে রাস্তায় নেমে আন্দোলন করে যাচ্ছেন তাঁরা যেন অবিলম্বে চাকুরিতে নিয়োজিত হন। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, দীর্ঘদিন ধরে কেন্দ্রে ও রাজ্যে যে দলই ক্ষমতায় থাকছে তাদের বেশ কিছু মন্ত্রীর বিরুদ্ধে বারবার এই দুর্নীতির অভিযোগ উঠছে, কিন্তু নিরপেক্ষভাবে তদন্ত না করে ক্ষমতাসীন দল এই অভিযোগগুলি ব্যবহার করছে যার ফলে বহুক্ষেত্রে প্রকৃত দোষীরা নিস্তার পেয়ে যাচ্ছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *