পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: আজ ঝাড়গ্রামের বিনপুরের লালডাগা কালী পুজা কমিটির পুজো এবং গোপীবল্লভপুরে কালী পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এই অনুষ্ঠান থেকে প্রায় শতাধিক গরিব দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে মাওবাদী আতঙ্ক কাটিয়ে এলাকাবাসীদের জোটবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা করতে তাঁকে সাহায্য করার জন্য তাদের ধন্যবাদ জানান। এলাকাবাসীর নৈতিক অধিকারের লড়াইয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ভারতী ঘোষ। তিনি ঝাড়গ্রাম জেলার মানুষকে বুঝিয়ে দিলেন আজ যে ভাবে তারা জীবন যাপন করছে তার জন্য কত জীবন বলিদান হয়েছে। এছাড়াও বতমান সরকারের যে অবনতি তা তুলে ধরেন।
করুণাময়ীতে চাকরি প্রার্থীদের আনন্দোলন প্রসঙ্গে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন ভারতী ঘোষ। তিনি বলেন, নতুন প্রজন্মকে কোনো চাকরি দিতে পারবে না এই রাজ্য সরকার। কারণ সরকারের কাছে টাকা নেই। তাই যে করেই হোক চাকরি প্রার্থীদের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে তারা। রাজ্য সরকার নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য পুলিশকে রোবটের মত ব্যবহার করছে। এই রকম বেশি দিন চলবে না।

