জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ নভেম্বর: এখানকার রাজ্য সরকার ও জেলা প্রশাসন সৌজন্যের রাজনীতি জানে না বলে মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিএম কেয়ার ফান্ডে তৈরি অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করতে এসে তিনি বলেন, এখানে সরকারি অনুষ্ঠানে তৃণমূলের সাংসদ, বিধায়ক ডাক পান। অথচ কেন্দ্রের পাঠানো টাকা, আর মেদিনীপুর কেন্দ্রের সাংসদ হয়েও আমাকে ডাকা হয়নি। শুধু এখানে নয়, পাশেই কংসাবতীতে কয়েক কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে সেখানে শাসকদলের সাংসদ বিধায়ক অন্যান্য প্রতিনিধিরা এসেছেন, কিন্তু আমাদের ডাকা হয়নি। আমি ছাড়াও আমাদের খড়্গপুরের বিধায়ক রয়েছেন, তাকেও ডাকা হয়নি। সুতরাং এটা কি ধরনের সৌজন্যের রাজনীতি, কি ধরনের গণতন্ত্র তা নিয়ে প্রশ্ন জাগে।

দিলীপ ঘোষ বলেন, পিএম কেয়ার ফান্ড নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। পিএম কেয়ার কি এখন মানুষ বুঝতে পারছেন। পিএম কেয়ার ফান্ডে এই অক্সিজেন প্ল্যান্ট হয়েছে এবং তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এই অক্সিজেন প্ল্যান্ট হওয়ায় মেদিনীপুর মেডিকেলে অক্সিজেন সমস্যার সমাধান হবে।

