রাজেন রায়, কলকাতা, ২৬ নভেম্বর: এসএসসি গ্রুপ ডি মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। রাজ্যের তথ্য বাইরে চলে যেতে পারে এমন দাবিতে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা চলছে ডিভিশন বেঞ্চে। এরইমধ্যে ফের আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় আদালতের নজরে আরও ৫৪২ জন। অবিলম্বে তাদের বেতন বন্ধ নির্দেশ হাইকোর্টের।
অভিযোগ, ৪মে ২০১৯এর পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করেছে এই ৫৪২ জনকে। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বলেছেন, কমিশন এবং পর্ষদ খতিয়ে দেখুক ৫৪২জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। বিচারপতি জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ দিলেও বাকি বিষয়গুলির ওপর কোনও রকম স্থগিতাদেশ দেওয়া দেয়নি। ফলত এই মামলাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন।
গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশে স্বস্তি ফিরেছে কমিশনের। কিন্তু আজ বিচারপতি কমিশন এবং পর্ষদকে ৫৪২ জনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তিন সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ২৫জনের নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে। ইতিমধ্যেই ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট।

