অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ফেব্রুয়ারি: নারীর স্বনির্ভরতার লক্ষ্যে, স্ব-সহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্য বিপণন এবং প্রদর্শনীর জন্য গোপীবল্লভপুর যাত্রা ময়দানে শুরু হল পাঁচদিনের ঝাড়গ্ৰাম জেলা সৃষ্টিশ্রী মেলা। এদিন ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের বন বিভাগ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, সাঁকরাইল ব্লকের বিডিও রক্তিম বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক সহ জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা।

এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, নারীরাই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারে।তাই নারীদের স্বনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলা।যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত পণ্য বিপণন এবং প্রদর্শনীর মাধ্যমে আগামী দিনে আরও উদ্বুদ্ধ হবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, মেলা উপলক্ষ্যে আগামী দিনগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর দোকানপাট গুলোতে বিকিকিনির পাশাপাশি থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।


