Vidyasagar University, Midnapur, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে বিশেষ বক্তৃতা ও স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সমাপ্তি অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১২ আগস্ট: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের উদ্যোগে ‘Personal Finance and Stock Market Investment’ শীর্ষক স্কিল ডেভেলপমেন্ট কোর্সের বিশেষ বক্তৃতা ও সমাপ্তি অনুষ্ঠান বুধবার, ১২ আগস্ট, বিশ্ববিদ্যালয়ের এ.পি.জে. আবদুল কালাম হলে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সঙ্গে শিক্ষাবিদ এবং কর্পোরেট জগতের অভিজ্ঞ পেশাদারের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময়ের সুযোগ তৈরি হয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রাক্তনী এবং বর্তমানে বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন ঘোষ। তাঁর বক্তৃতার বিষয় ছিল ‘From Classroom to Boardroom: Lessons from a Journey in the Corporate World’। নিজের ছাত্রজীবন এবং দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতার আলোকে তিনি কর্পোরেট জগতে তাঁর শিক্ষা, কর্মজীবন ও সাফল্যের যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি, শিক্ষার্থীদের পেশাগত জীবনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বিশেষ বক্তৃতা পর্বটি পরিচালনা করেন অধ্যাপক তারক নাথ সাহু এবং সভাপতিত্ব করেন অধ্যাপক সমীর ঘোষ। স্বাগত ভাষণে অধ্যাপক অভিজিৎ সিনহা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি, বক্তা, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, গবেষক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং Faculty of Arts and Commerce- এর Dean (Actg.) অধ্যাপক অরিন্দম গুপ্ত। তিনি ছাত্র- ছাত্রী, শিক্ষক এবং কর্পোরেট জগতের সফল পেশাদারদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ বক্তৃতার পর অনুষ্ঠিত হয় স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সমাপ্তি অনুষ্ঠান। কোর্সটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক কল্পতরু বন্দ্যোপাধ্যায়।

অংশগ্রহণকারীদের ইতিবাচক সাড়া এবং প্রশংসার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বাণিজ্য বিভাগের এই উদ্যোগ ছাত্র- ছাত্রীদের আর্থিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি কর্পোরেট জগতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাঁদের পরিচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *