স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়ম, এবার বদলির আবেদন করতে পারবেন সিঙ্গেল পোস্টের শিক্ষকরা

রাজেন রায়, কলকাতা, ২৪ সেপ্টেম্বর: স্কুলে কোনও একটি বিষয়ে যদি একজন শিক্ষক থাকেন, সেক্ষেত্রে তিনি বদলির আবেদন করতে পারতেন না। তবে এবার থেকে একমাত্র শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। এই বিষয়ে উদ্যোগী হল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা জারি করেছে।

উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে বহু বিষয়ে একজন করে শিক্ষক থাকায় তারা বদলির জন্য আবেদন করতে পারছিলেন না। নিয়ম বিধি সেই বদলির বিপক্ষে ছিল।এবার সিঙ্গল পোস্টের শিক্ষকদের বদলি নিয়ে কিছুটা স্বস্তির কথা জানাল শিক্ষা দফতর।

ডিআইদের বলা হয়েছে, এমন বদলির আবেদন এলে তারা স্কুল শিক্ষা কমিশনারেটে জানাবেন। সেক্ষেত্রে যদি দেখা যায় শিক্ষকের বদলির আবেদনের কারণ যথাযথ তাহলে ডিআই সঙ্গে সঙ্গে কাছাকাছি স্কুল থেকে একই বিষয়ের শিক্ষক খুঁজবেন। সেই শিক্ষক সপ্তাহে কয়েকদিন ক্লাস নেবেন যেখানকার শিক্ষক বদলি নিচ্ছেন। ওই পদে স্থায়ী শিক্ষক না আসা পর্যন্ত এই ব্যবস্থা চলবে।

জানা গিয়েছে, ডিআইদের এই বন্দোবস্ত ৭ দিনের মধ্যে সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যতদিন পর্যন্ত না এই সংক্রান্ত নতুন নিয়ম চালু হচ্ছে ততদিন সিঙ্গেল সাবজেক্ট শিক্ষকদের আবেদন যেন সহমর্মিতার সঙ্গে বিচার করে দেখা হয়। তবে আবেদন করলেই যে বদলি সঙ্গে সঙ্গে মিলবে এমনটাও কিন্তু নয়। আবেদনপত্র ডিআইরা পাঠাবেন স্কুল সার্ভিস কমিশনে। কমিশন তা যাচাই করে পাঠাবে পর্ষদে। তারপর পর্ষদ নতুন স্কুলে যোগদানের চূড়ান্ত অর্ডার জারি করবে। তবে খুব শীঘ্রই বদলি বিধিতে স্থায়ী সংশোধন আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *