আমাদের ভারত, ৬ জুলাই: হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত দেওয়ার জন্য মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে পুলিশকে ১০ দিন সময় দিলেন তিনি।
বুধবার মহুয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, পশ্চিমবাংলার একজন সাংসদ যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য যেভাবে তাঁর আক্রমণ হয়েছে তাঁর রাজনৈতিক দল কী করল তা নিয়ে আমি মন্তব্য করব না। আমি বলব রাজ্যের পুলিশ, তাদের যদি সত্যিই অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে নূপুর শর্মাকে যেভাবে তাঁরা আইনগতভাবে নোটিশ পাঠাচ্ছেন সেভাবে পদক্ষেপ করতে হবে।
শুভেন্দুবাবু বলেন, ‘ইতিমধ্যে এই ইস্যুতে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে এফআইআর শুরু হয়েছে। এবং এগুলো কার্যকর করতে হবে। আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ১০ দিন সময় দিলাম। ১১ দিনের দিন আমি মহামান্য আদালতের কাছে যাব পুলিশের বিরুদ্ধে। কারণ এক যাত্রার পৃথক ফল হতে পারে না। নূপুর শর্মার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা যা করছে, মহুয়া মৈত্রের ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত। কারণ তিনি যে কথা বলেছেন তা ক্ষমার অযোগ্য।’
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ সফর সেরে চলে যাওয়ার পর তিনি মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে মা কালীর মূর্তি নিয়ে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুবাবু।
প্রসঙ্গত, মহুয়া মৈত্র হিন্দু দেবীকে অপমান করেছেন বলে ব্যাখ্যা করে অবিলম্বে তাঁর গ্রেফতার দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তাঁকে দল থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন সুকান্তবাবু।

