স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জুলাই: জমি নিয়ে বিবাদ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায়। ঘটনায় দুই সাব ইনস্পেক্টর সহ তিন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এক সাব ইনস্পেক্টরের আঘাত গুরুতর থাকায় তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের উপর আক্রমনের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন গ্রামবাসিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বাকিদের গ্রফতারে পুলিশি তল্লাশি চলছে বলে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল জানিয়েছেন।

জানা গেছে, গোয়ালপোখর থানার মজলিশপুর গ্রামে মহম্মদ ইসমাইল ও আবু কালামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। বুধবার রাতে মহম্মদ ইসমাইলকে আটক করে রাখে আবু কালামের পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকার বাসিন্দারা উদ্ধার হওয়া ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনতাই করতে পুলিশের উপর চড়াও হয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় দুই জন পুলিশ অফিসার এক সিভিক ভলান্টিয়ার গুরুতরভাবে জখম হন। তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এক পুলিশ কর্মীর জখম গুরুতর থাকায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করে ইসলামপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। এলাকায় উত্তেজনা থাকার কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানাগেছে।

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল বলেন, পুলিশের উপর যারা আক্রমন করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশি অভিযান জারি আছে। ধৃত ১৫ জনকেই আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

