আলাপনকে শোকজ, তিন দিনের মধ্যে জবাব তলব কেন্দ্রের

রাজেন রায়, কলকাতা, ১ জুন: আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র- রাজ্য সংঘাত চরমে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে শো-কজ করা হল প্রাক্তন মুখ্যসচিবকে। আগামী তিন দিনের মধ্যে উত্তর দিতে হবে। যদিও সোমবারই তিনি রাজ্যের মুখ্য সচিব পদ থেকে অবসর নিয়েছেন।

যস বিপর্যয়ের পর্যবেক্ষণ করতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে রাজ্যের মুখ্যসচিব উপস্থিত না থাকায় তাঁর কাছ থেকে কৈফিয়ত চাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনের ধারা অনুযায়ী আলাপনকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে জারি নোটিশে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীর ওই বৈঠকে অপেক্ষা করতে হয়েছিল মুখ্যসচিবের জন্য। উনি আদৌ বৈঠকে উপস্থিত থাকবেন কি না, সেটা নিয়েও খোঁজ করা হয়েছিল। কিন্তু পরে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে চটপট বেড়িয়ে যান। তিনি কেন বেড়িয়ে যান, সেই বিষয়ে জানতে চেয়েছে কেন্দ্র। যদিও রাজ্যের তরফ থেকে এমন কোনও নোটিশের কথা স্বীকার করা হয়নি।

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী বাংলায় যস ঝড়ের বিপর্যয় মোকাবিলার জন্য ২০ হাজার কোটি টাকা দাবি করেছেন। কিন্তু কেন সেই ক্ষতিপূরণের দাবি করেছেন, সেটা প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত নন তিনি।

বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়ে আজ থেকে নতুন ক্যারিয়ার শুরু করতে চলেছেন। তিনি আজ থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ শুরু করছেন। তিন বছরের জন্য তিনি এই পদে থাকবেন। এই কাজের জন্য ওনাকে মাসিক আড়াই লক্ষ টাকা দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *