সাথী দাস, পুরুলিয়া, ১৯ জানুয়ারি: ঝালদা পুরসভায় চেয়ারম্যানের পদ চলে গেল শিলা চ্যাটার্জির। আজ দুপুরে মহকুমাশাসক তাঁকে মেইলে চিঠি পাঠান। ওই চিঠিতে শীলা চ্যাটার্জির কাউন্সিলরের পদ খারিজ করা হয়েছে। তাঁকে ‘ডিস কোয়ালিফাইড’ ঘোষণা করে মহকুমা প্রশাসন।
আবার নাটকীয় মোড় দেখা গেল ঝালদা পৌরসভায়। হঠাৎ করেই ঝালদার মহকুমা শাসকের নির্দেশমতো অপসারিত হলেন পৌর প্রধান শিলা চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে জেলাশাসক রজত নন্দা বলেন, “পৌর আইন অনুযায়ী তাঁকে অপসারিত করা হয়েছে।” সূত্রের খবর আপাতত পৌরপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন উপ পৌর প্রধান সুদীপ কর্মকারকে। সিদ্ধান্তের কড়া সমালোচনা করে শিলা চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। যা খুশি তাই করছে শাসক দল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন তিনি।”

উল্লেখ্য, সোমবার হাইকোর্টের নির্দেশে ঝালদার পৌর প্রধান পদে শপথ নেন শিলা চট্টোপাধ্যায়। তিনি নির্দল কাউন্সিলর হলেও কংগ্রেসের ৬ কাউন্সিলরের সমর্থন পান। তৃণমূলের দাবি, নির্দল হলেও শিলা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাই দল ত্যাগ করলে তাকে কাউন্সিলর পদও ত্যাগ করতে হবে। এ নিয়েই মহকুমা শাসকের কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন প্রাক্তন পৌর প্রধান সুরেশ আগরওয়াল। সেই অনুযায়ী শিলা দেবীর কাউন্সিলর পদ খারিজ হয় বলে খবর। বিমর্ষ শীলা চ্যাটার্জি আইনি ভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন।
এদিন ঝালদা পৌরসভার প্রশাসক হিসেবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুদীপ কর্মকারকে বসানো হল। এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “পুর আইন মেনেই প্রশাসন কাজ করেছে। ঝালদায় যে অস্থিরতা ছিল তা এবার কাটবে।”

