স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জানুয়ারি: এবার করোনা সচেতনতা বার্তায় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর শহরের বেশ কয়েকটি এলাকাসহ বাজারগুলিতে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিলেন বিধায়ক।

বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপুর শহরের বেশ কয়েকটি বাজার সহ জনবহুল এলাকাগুলিতে মাইকিং করে সচেতনতা প্রচার করলেন বিধায়ক। এছাড়াও বাজারগুলির যে সকল ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের প্রত্যেককেই বিধিনিষেধ মেনে চলার জন্য আবেদন জানান। পাশাপাশি যারা মুখে মাস্ক হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেককে নিজের হাতে মাস্ক পরিয়ে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই ভাবেই বৃহস্পতিবার সকাল থেকে গোটা শান্তিপুর শহরে সচেতনতার প্রচার অভিযান করলেন বিধায়ক।

ব্রজকিশোর গোস্বামী জানান, প্রতিদিনই যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তা খুবই উদ্বেগজনক। তাই সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে, গোটা শান্তিপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকেই মাস্ক পড়ুন দূরত্ব বজায় রেখে চলুন। ভিড় এড়িয়ে চলুন এবং সরকারি বিধি-নিষেধকে মেনে চলুন।

