সত্যজিৎ রায়ের দুষ্প্রাপ্য ছবি ও ঘটনা সম্বলিত বই লিখে শ্রদ্ধা জাতীয় আলোকচিত্রী স্বরূপ দত্তর

সাথী দাস, পুরুলিয়া, ২২ এপ্রিল: অস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পুরুলিয়া জেলায় অপ্রকাশিত মুহূর্ত, ঘটনার পাতা সাজিয়ে বই বাঁধলেন জাতীয় আলোকচিত্রী স্বরূপ দত্ত। ২৩ এপ্রিল শনিবার সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসে সেই বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হচ্ছে। ‘পুরুলিয়ায় সত্যজিত রায়’ শিরোনামে প্রচ্ছদে হীরক রাজার দেশে ছবির শুটিংয়ের মুহূর্ত যেমন রয়েছে। তেমনই ভেতরের প্রতিটি পাতায় গবেষণামূলক লেখা ও ছবির গ্যালারি সাজিয়েছেন স্বরূপ। প্রকাশক, নাটমন্দির থেকে রঞ্জন আচার্য।

বিশ্বখ্যাত পরিচালক সত্যজিত রায়ের শত তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কাতারে বই প্রকাশ হয়েছে, নামি দামি ব্যক্তিত্বের কথা ঘটনা রয়েছে তাতে অথচ, পুরুলিয়ার কথা নেই তাতে। সেই আঙ্গিকেই সত্যজিত রায়কে শ্রদ্ধা জানিয়ে ‘পুরুলিয়ায় সত্যজিৎ রায়’ বইয়ের রচনা করেন স্বরূপ। আশির দশকের গোড়ায় ৪৩ বছর আগে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়, মিছিরডির মাঠ, পাঁড়রামার জঙ্গলে ‘হীরক রাজার দেশে’ সিনেমার শ্যুটিং করেছিলেন সত্যজিৎ রায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, তপেন চট্টোপাধ্যায়, উৎপল দত্ত প্রমুখ অভিনেতাদের শুটিংয়ে ভিড় জমাতেন পুরুলিয়ার অনেকে। ওই ছবিতে উল্লেখ যোগ্য চরিত্রে স্থানীয় কিছু যুবক অভিনয় করেছিলেন। সেই সব ৫৮ জন প্রান্তিক সাধারণ মানুষের ছোট ছোট মজার স্মরণীয় ঘটনা, স্থানীয় আলোকচিত্রীদের অমূল্য মুহূর্তের লেন্স বন্দি যা আগে কোথাও প্রকাশ হয়নি সেগুলো সাজিয়ে বইটিকে সমৃদ্ধ করতে পরিশ্রম করেছেন স্বরূপ।

১৯৭৭ সালে সত্যজিৎ রায়ের লেখা একটি প্রবন্ধ পুরুলিয়ার পত্রিকায় প্রকাশ হয়েছিল। সেই স্মৃতি যত্নে মলাট বন্দি করা হয়েছে বইয়ে। ১৫২ পাতার বইয়ে সন্দীপ রায়, নিমাই ঘোষের তোলা মুহূর্ত যেমন রয়েছে তেমনই প্রবীণ আলোকচিত্রী সন্তোষ রাজগড়িয়া, গোলক সরকার, শিবু দাঁ, অমিতাভ দত্ত, মোহন দত্তর তোলা ছবি ছাড়াও নিজের ডিজিট্যাল স্কেচ রয়েছে পাতায় পাতায়। সত্যজিৎ রায়কে একটু অন্যভাবে জানতে পুরুলিয়ার মুহূর্ত ঘটনাগুলোকে বাদ দেওয়া যাবে না। আর সেই সব সত্যজিত রায়ের গুণগ্রাহীদের পিপাসা মেটাবে এই বই বলে আশাবাদী স্বরূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *